প্রকাশিত: Tue, Jun 20, 2023 4:07 PM
আপডেট: Mon, Jun 29, 2026 12:50 PM

আটলান্টিকে টাইটানিক দেখতে যাওয়া টাইটান সাবমার্সিবল নিখোঁজ

রাশিদুল ইসলাম: আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আগ্রহী পর্যটকদের নিয়ে হারিয়ে যাওয়া সাবমেরিন উদ্ধারে দুটি বিমান, একটি সাবমেরিন ও সনার যন্ত্র দিয়ে ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে। পাকিস্তানের অন্যতম ধনী ব্যক্তি ও যুক্তরাজ্যভিত্তিক প্রিন্স ট্রাস্ট দাতব্য সংস্থার বোর্ড সদস্য শাহজাদা দাউদ(৪৮) ও তার ছেলে সুলাইমান দাউদ (১৯), ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং, ফরাসি অভিযাত্রী পল-হেনরি নারজিওলেট, ও ওশানগেটের সিইও স্টকটন রাশ সাবমেরিনটিতে আটকা পড়েছেন। ডেইলি মেইল

যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মাউগের এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, পর্যটকদের জীবিত খুঁজে বের করতে হলে তাদের হাতে আর ২৬ ঘণ্টার মতো সময় রয়েছে। সাবমেরিনটিতে ৫০ থেকে ৭০ ঘণ্টা চলার মত অক্সিজেন মজুদ আছে। 

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বলছে, রোববার সাগরে ডুব দেয়ার এক ঘণ্টা ৪৫ মিনিট পরে ছোট আকারের ওই ডুবোজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ট্যুরের আয়োজনকারী প্রতিষ্ঠান ওশানগেট জানিয়েছে, সাবমেরিনে থাকা পাঁচ পর্যটককে উদ্ধার করতে সবগুলো বিকল্প যাচাই করে দেখা হচ্ছে। সরকারি সংস্থা, যুক্তরাষ্ট্র এবং কানাডার নৌবাহিনী এবং গভীর সাগরে কাজ করে, এমন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো উদ্ধার অভিযানে সহায়তা করছে। মধ্য আটলান্টিক মহাসাগরের তিন হাজার ৮০০ মিটার বা সাড়ে ১২ হাজার ফুট গভীরে আটলান্টিকের ধ্বংসাবশেষ দেখতে আটদিনের এই ভ্রমণের জন্য আড়াই লাখ ডলার খরচ করতে হয়। সিএনএন

শাহজাদার স্ত্রী ক্রিস্টিনা এবং কন্যা আলিনা সহ তাদের হতাশ পরিবার নিখোঁজ এই জুটির কোনো খবরের জন্য একটি যন্ত্রণাদায়ক অপেক্ষা সহ্য করছে। দাউদ পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের সহকর্মী এবং বন্ধুদের উদ্বেগের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং সবাইকে তাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করার জন্য অনুরোধ করছি।’ সিএনএন

ডুবন্ত টাইটানিক জাহাজের ধ্বংসস্তুপের স্থান উদ্ধারকারী সংস্থা আরএমএস টাইটানিকের কৌশলগত উদ্যোগের সিনিয়র উপদেষ্টা ডেভিড গ্যালে সিএনএনকে বলেছেন, যদি ডুবোজাহাজটি অক্ষত থাকে, তাহলে জাহাজে থাকা পাঁচজন মানুষ অক্সিজেনের মাত্রা হ্রাস এবং ঠান্ডার সাথে লড়াই করবে এবং হাইপোথার্মিয়ার ঝুঁকির মুখোমুখি হবে। কিন্তু ছোট এই সাবমেরিনটি এখন কোথায় তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এটিকে সাগরের তলদেশে, নাকি ভাসমান না সাগরের মাঝামাঝি রয়েছে তা কেউ চিহ্নিত করতে পারেনি। মাদারশিপ এমভি পোলার প্রিন্স থেকে সাবমেরিনটিকে সাগরের পানিতে নামিয়ে দেওয়া হয়। উদ্ধারকারীদের শঙ্কা যে সাবমেরিনটি টাইটানিকের ধ্বংসাবশেষে আটকে যেতে পারে যা কানাডার নিউফাউন্ডল্যান্ড থেকে ৩৭০ মাইল দূরে কিন্তু মার্কিন জলসীমায় রয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব