প্রকাশিত: Wed, Dec 28, 2022 10:04 AM
আপডেট: Thu, Nov 12, 2026 11:31 PM

আফগান নারীদের শিক্ষা ও কাজে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ

খালিদ আহমেদ: আফগানিস্তানে নারী ও মেয়েদের ওপর তালিবানের জারি করা নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান আফগান নারীদের ভয়াবহ এই পরিণতির তীব্র নিন্দাও জানিয়েছেন। বিবিসি

এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, কোনো দেশই তার অর্ধেক জনসংখ্যাকে বাদ দিয়ে সামাজিক ও অর্থনৈতিকভাবে উন্নয়নে প্রকৃতপক্ষে টিকে থাকতে পারে না। নারী এবং মেয়েদের ওপর এই দুর্বোধ্য বিধিনিষেধ কেবল সকল আফগানের দুর্ভোগ বাড়িয়ে তুলবে না, বরং আফগানিস্তানের সীমানার বাইরেও ঝুঁকি তৈরি করবে বলে আমি আশঙ্কা করছি। তালিবানের এসব নীতি আফগান সমাজকে অস্থিতিশীল করে তুলতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। ভলকার তুর্ক বলেন, আমি আফগানিস্তানের ডি-ফ্যাক্টো কর্তৃপক্ষকে সব নারী ও মেয়েদের অধিকারের প্রতি সম্মান এবং সুরক্ষা নিশ্চিতের অনুরোধ জানাচ্ছি যাতে তাদের দেখা যায়, শোনা যায় এবং দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের সকল ক্ষেত্রে অংশগ্রহণ ও অবদান রাখতে পারে। গত শনিবার আফগানিস্তানের তালিবান-নিয়ন্ত্রিত প্রশাসন দেশটির সব স্থানীয় এবং বিদেশি বেসরকারি সংস্থাকে (এনজিও) নারী কর্মীদের কাজে আসতে বারণ করে নির্দেশনা দেয়। নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিষিদ্ধ করার কয়েক দিন পর দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিশে^র শীর্ষ পাঁচটি উন্নয়ন সহযোগী সংস্থা আফগানিস্তানে তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব