প্রকাশিত: Wed, Jan 25, 2023 9:46 AM
আপডেট: Thu, Jul 23, 2026 12:38 PM

দেশের সব শিক্ষার্থীকেই স্কাউট প্রশিক্ষণ দিতে হবে: প্রধানমন্ত্রী

ফজলুল হক, কালিয়াকৈর: সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি শিক্ষার্থীকে স্কাউট প্রশিক্ষণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি করে কাব স্কাউট ও রোভার স্কাউট দল খোলার নির্দেশ দিয়েছি। এর পাশাপাশি গার্লস স্কাউট ও মাদ্রাসা স্কাউট দলও যেন গঠন করা হয়। সে বিষয়ে সকলকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও জাম্বুরী সাংগঠনিক কমিটির সভাপতি ড. মোঃ মোজাম্মেল হক খান ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সিমিন হোসেন রিমি এমপি, অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার শফিকুল আলম বিপিএম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তা-কর্মচারী এবং দেশিবিদেশী স্কাউট শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে; বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমি চাই, আমাদের প্রত্যেক শিক্ষাথী স্কাউটিং-এ আসুক। প্রাইমারি স্কুল থেকে নিয়ে যে পর্যন্ত স্কাউট সদস্য করা যায়, করতে হবে। 

তিনি বলেন, এখন ২২ লাখ সদস্য আছে। ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ স্কাউট সদস্য করা হবে। আমার লক্ষটা থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থী যেন স্কাউট প্রশিক্ষণ প্রাপ্ত হয়। সেই ব্যবস্থাটা নিতে হবে। তাহলেই আমি বিশ্বাস করি, আমাদের সোনার বাংলা গড়া বা স্মার্ট বাংলাদেশ গড়ার উপযুক্ত নাগরিক তৈরি হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব