প্রকাশিত: Sat, Mar 4, 2023 12:25 PM
আপডেট: Sun, Jun 7, 2026 1:32 AM

ঢাকার আবর্জনা দিয়ে দিনে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব

শহীদুল ইসলাম: স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরে প্রতিদিন ছয় হাজার টন আবর্জনা তৈরি হয়। এ আবর্জনা সঠিক ব্যবস্থাপনা করা গেলে দৈনিক ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব এনার্জি আয়োজিত ‘সাসটেইনেবল গ্রিন বিজনেস’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের ফলে পরিবেশের ক্ষতি হলে আমরা পরবর্তী প্রজন্মের জন্য বঙ্গবন্ধুর সোনার বাংলা রেখে যেতে পারবো না। তাই আমাদের দেশের মানুষের জীবনের মান উন্নত করার পাশাপাশি পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় দেশের মানুষের মাথাপিছু আয় বাড়ার সঙ্গে ভোগব্যয় বেড়েছে। যার ফলে প্রচুর পরিমাণে আবর্জনা তৈরি হচ্ছে। সঠিক আবর্জনা ব্যবস্থাপনার মাধ্যমেও আমরা জ্বালানির উৎস পেতে পারি। মন্ত্রী আরো বলেন, জ্বালানি বা এনার্জি শিল্পায়নের জন্য অপরিহার্য। সেই জ্বালানির উৎস পরিবেশবান্ধব না হলে তা সমগ্র মানবজাতিকে হুমকির মুখে ফেলে। এই বাস্তবতাকে মাথায় রেখেই ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় গুরুত্ব পেয়েছে সবুজ অর্থনীতি ও সবুজ বিনিয়োগ। সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মনিরা সুলতানা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব