প্রকাশিত: Sat, Apr 1, 2023 12:49 AM
আপডেট: Thu, Jul 23, 2026 10:01 PM

বৃষ্টির পর ঢাকার বাতাসে উন্নতি

জুবাইদা জেরিন: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৭৮ নিয়ে দূষিত শহরের তালিকায় ২৬তম স্থানে রয়েছে ঢাকা। আর বাতাসের মান মাঝারি। চলতি বছরের জানুয়ারি থেকে দূষিত শহরের তালিকায় বেশিরভাগ সময়েই শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী। ফেব্রুয়ারিতেও বেশিসংখ্যক দিন অস্বাস্থ্যকর বায়ুর মধ্যে কাটিয়েছে ঢাকাবাসী। শুক্রবার বায়ুদূষণের শীর্ষে ছিলো থাইল্যান্ডের চিয়াংমাই।  চিয়াংমাইয়ের একিউআই স্কোর ২৯২। দ্বিতীয় স্থানে নেপালের রাজধানী কাঠমান্ডু, স্কোর ১৮৪। তৃতীয় অবস্থানে থাকা চীনের সেনইয়াংয়ের স্কোর ১৬৩। চতুর্থ অবস্থানে ছিলো দক্ষিণ কোরিয়ান শহর ইনচেওন, ইনচেওনের স্কোরও ১৬৩। পঞ্চমে কুয়েত সিটি, স্কোর ১৫৭।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব