প্রকাশিত: Wed, Apr 12, 2023 10:29 AM
আপডেট: Thu, Jul 23, 2026 11:36 PM

ঈদের আগে শ্রমিকদের বেতনভাতা পরিশোধ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আনিস তপন: বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ ব্যাপারে কারখানা মালিকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদুল ফিতরের আগে সারাদেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতনভাতা পরিশোধ ও ছুটি, সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সভায়।

মন্ত্রী বলেন, ঈদ ও পহেলা বৈশাখকে ঘিরে দেশে কোনও ধরনের নাশকতার হুমকি নেই। মঙ্গল শোভাযাত্রায় হুমকির ঘটনা ও শাহবাগ থানায় জিডি প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই অনেক গুজব ছড়ানোর চেষ্টা করবে। সবাইকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা সতর্ক রয়েছে। 

মন্ত্রী বলেন, এ বছর সারাদেশে প্রায় ৯৮ হাজার স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যে জানা গেছে। সারাদেশের ঈদ জামাতগুলো যাতে নিরাপদে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ ও গোয়েন্দারা নজরদারি বাড়ানো হয়েছে। 

তিনি বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতনভাতা পরিশোধ করা হবে। যানজট এড়াতে পর্যায়ক্রমে ছুটি দিতে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের অনুরোধ করা হয়েছে। 

মন্ত্রী বলেন, বঙ্গবাজারের মতো ঘটনা যাতে না ঘটে সেজন্য ফায়ার সার্ভিস সতর্ক রয়েছে।

তিনি বলেন, মহসড়কগুলোতে এবার মোটরসাইকেল চলবে। তবে পদ্মা সেতুর ওপর দিয়ে যেতে পারবে না। মোটরসাইকেলের জন্য মাওয়া ঘাটে ফেরির ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের তিন দিন আগে থেকে ঈদের পরদিন পর্যন্ত মহসড়কগুলোতে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব