প্রকাশিত: Sun, Feb 26, 2023 11:28 AM
আপডেট: Sun, Jun 7, 2026 1:33 AM

হিন্দু আইনের সকল প্রকার বৈষম্য ও বর্বরতাপূর্ণ বিধান সংশোধন চাই

পুলক ঘটক : উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিই একমাত্র সম্পত্তি, যা অর্জনের জন্য সরকারকে কোনো প্রকার রাজস্ব দিতে হয় না। এছাড়া ক্রয়সূত্রে হোক অথবা ব্যবসা-বাণিজ্যসহ যেকোনো পন্থায় হোক, সম্পত্তি অর্জন করতে হলে সরকারকে ট্যাক্স দিতে হয়। লক্ষণীয়, বাংলাদেশে হিন্দু আইনের আওতাভুক্ত নারী ও প্রতিবন্ধীরা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পায় না। ফলে তাদের ক্ষেত্রে ট্যাক্স -ফ্রি কোনো সম্পদ নেই। হিন্দু, বৌদ্ধ ও সংশ্লিষ্ট অন্যান্য আদিবাসী গোত্রের নারীরা নিজেদের শ্রম ও মেধা দিয়ে কোনো সম্পত্তি আয় করতে চাইলেও তাদের রাজস্ব দিতে হয়। 

তাই সদাশয় সরকারের কাছে আমাদের আবেদন, হিন্দু-বৌদ্ধ নারী ও প্রতিবন্ধীদের জন্য জমিসহ যেকোনো প্রকার সম্পত্তিক্রয় ও তার আমৃত্যু ব্যবহারকে শুল্কমুক্ত ঘোষণা করুন। দুর্ভাগ্যজনক হল, হিন্দু নারীদের নিজের অর্জিত সম্পত্তিতেও স্বামীর অধিকার থাকে। স্বামীর অনুমতি ছাড়া সেই সম্পত্তি হস্তান্তর করতে পারে না। এই বিধানটিও সংশোধন দরকার। আমরা অচিরেই বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবনা পেশ করবো। আসন্ন বাজেটের আগেই এর বাস্তবায়ন দেখতে চাই। হিন্দু আইনের সকল প্রকার বৈষম্য ও বর্বরতাপূর্ণ বিধান সংশোধন চাই। লেখক: সিনিয়র সাংবাদিক। ফেসবুক থেকে